ছাতকে ডাকাতির মালামাল ও অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নোয়ারাই এলাকা থেকে শহরের বাশখালা গ্রামের আব্দুল মমিনের পুত্র ডাকাত আব্দুর রহিম (২২), নোয়ারাই গ্রামের মনফর আলীর পুত্র শাহীন (২২) ও দোয়ারাবাজারের কুশিউরা গ্রাম থেকে নোয়ারাই গ্রামের রশিদ আলীর পুত্র দুলালকে (২১) গ্রেফতার করা হয়। পুলিশের ৩টি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ডাকাতদের কাছ থেকে পুলিশ ১৪ ভরি ওজনের স্বর্ণালংকার, মূল্যবান ইমিটেশন অলংকার, নগদ ১লাখ ৫১ হাজার টাকা, ৩টি মেবাইল সেট উদ্ধার করেছে। এসময় ডাকাতদের কাছ থেকে রামদা, লোহার পাইপ, স্লাইরেঞ্চ ও প্লাস উদ্ধার করা হয়। শুক্রবার গভীর রাতে শহরের নোয়ারাই এলাকার হাজী মিফতা আহমদের বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ৬ লাখ টাকা, ২৫ ভরি ওজনের স্বর্ণালংকার, কয়েকটি বিদেশি মোবাইল সেটসহ ২০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে মিফতা আহমদ বাদী হয়ে ছাতক থানায় মামলা (নং-১৪) দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান, ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, ওসি (অপারেশন) গোলাম মোস্তফা অভিযান চালিয়ে ডাকাতির মালামালসহ তাদের গ্রেফতার করেন।
ওসি আতিকুর রহমান জানান, পৌর কাউন্সিলর লিয়াকত আলীর সহায়তায় ডাকাত দুলালকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী আব্দুর রহিম ও শাহীনকে গ্রেফতার করা হয়। পরে আব্দুর রহিমের বাড়ি ও দুলালের শ্বশুর বাড়ি থেকে টাকা, মালামাল এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুলালের শ্বশুর বাড়ি থেকে মাটি খুুঁড়ে গর্ত থেকে স্বর্ণ ও ইমিটেশন অলংকার উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআই
