সাংবাদিক উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৬:০৭
তরুণ সাংবাদিক উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর গ্রামের এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে উৎপল একটি অনলাইন নিউজ পোর্টালে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজধানীর ফকিরাপুল ১ নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন। 
 
গত ১০ অক্টোবর দুপুরে রাজধানীর মতিঝিলে অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। ওইদিন থেকে তার ব্যবহার করা মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
 
নিখোঁজের ১২ দিন পর তার সন্ধান চেয়ে রোববার মতিঝিল থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে অনলাইন পোর্টাল কর্তৃপক্ষ। এছাড়া আজ সোমবার আরেকটি জিডি করেছেন সাংবাদিক উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস।
 
জিডি করার কথা জানিয়ে অনলাইন পোর্টালের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন বলেন, গত ১০ অক্টোবর দুপুর ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল দাস। এরপর থেকেই তিনি নিখোঁজ। তার ব্যবহার করা দুইটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে।
IMG0
জিডির বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এখন আইনগতভাবে তার সন্ধান পেতে যা যা করণীয় আমরা তা করছি।
 
পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগের কথা জানিয়ে অনেকে উৎপরের সুস্থতার প্রার্থনা করেছেন।
 
ইত্তেফাক/রেজা