বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর বহুল আলোচিত ছবি ‘ডুব’। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্র। সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী।
বাংলাদেশে শ্যুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রি হিসেবে বাংলাদেশ এখনও অনেকটাই নতুন। বেশ কিছু জিনিস হয়তো একটু অগোছাল, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আমার ছবির শ্যুটিং চলেছিল টানা ৪০ দিন ধরে। এখান (কলকাতা) থেকেও একটা ক্রিউ গিয়েছিল। এই প্রথম আমার খুব হোমসিক লেগেছিল। তবে তিশা (নুসরাত ইমরোজ তিশা, সাবেরীর চরিত্রে) খুব সুইট। আমায় ওদের বাড়িতে মাঝে মাঝেই ডেকে খাওয়াত।
ছবি মুক্তির আগে কলকাতার এবেলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন পার্ণো মিত্র।
'ডুব' ছবির অভিনয়ে রাজী হওয়ার বিষয়ে পার্ণো মিত্র বলেন, হিমাংশু ধানুকাই (ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা এসকে মুভিজের কর্ণধার) আমাকে ফোন করে বলেছিলেন ছবিটির কথা। প্রথমে খুব একটা ভাল করে বুঝিনি ব্যাপারটা কী। আমি বলেছিলাম ইন্টারেস্টিং স্ক্রিপ্ট হলে নিশ্চয়ই করব।

তিনি জানান, পরে যখন শুনলাম ফারুকী পরিচালক, তখন উৎসাহিত হয়েছিলাম। আমি তার আগে ফারুকীর কোনও ছবি না দেখলেও আমার বন্ধু-বান্ধবদের মুখে ওর নাম অনেকবার শুনেছিলাম। জানতাম ওঁর কাজের সুনাম রয়েছে। পরে হিমাংশু যখন বললেন, ইরফান খান রয়েছে ছবিটায়, আমি বলে দিয়েছিলাম স্ক্রিপ্ট পড়ার দরকার নেই, ছবিটা করব।
আগামী ২৭ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’।
ইত্তেফাক/রেজা
