মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি যে কোন দিন রায়ের (সিএভি) জন্য রাখা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল আজ সোমবার এ আদেশ দেয়।
এ মামলার প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ কথা জানান। তিনি আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে উল্লেখ করে বলেন, আসামিরা মুক্তিযুদ্ধের সময় ভয়ংকর অপরাধ করেছে। তাদের স্থানীয় এলাকাকে নেতৃত্ব শূন্য করতে মুক্তিযুদ্ধের পক্ষের ১৩ জন নির্বাচিত প্রতিনিধিসহ (চেয়ারম্যান-মেম্বার) মোট ১৪ জনকে নির্মমভাবে হত্যা করাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছে। আসামিদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজার রায় হবে বলে আশা প্রকাশ করেন এ প্রসিকিউটর। বাসস।
ইত্তেফাক/এমআই
