মির্জা ফখরুলের নাশকতার মামলার কার্যক্রম স্থগিত

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৮:৫৮
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই মামলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। 
 
বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এদিকে হাইকোর্টের একই বেঞ্চ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাইফুল আলম নীরব, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুইয়া জুয়েল, মামুন হাসানসহ ১৪ নেতাকর্মীকে চার সপ্তাহের জামিন দিয়েছে। মতিঝিল ও শাহজাহানপুর থানায় গত ১৪ অক্টোবর দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করে। বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিয়ন শুনানি করেন।
 
২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানায় পুলিশ মির্জা ফখরুলের বিরুদ্ধে নাশকতার মামলা করে। এ মামলায় জামিনে রয়েছেন ফখরুল। 
 
ইত্তেফাক/এমআই