খুলনা জেলার জন্য জেলা ব্র্যান্ডিং হিসেবে ‘বাঘের গর্জন, সমৃদ্ধি অর্জন’ স্লোগান নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন এবং উদ্ভাবকের খোঁজের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। খুলনা প্রেসক্লাবে সোমবার সংবাদ সম্মেলন করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন। জেলা তথ্য অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
জানা যায়, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দনবনকে কেন্দ্র করে খুলনা জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে। সুন্দরবনকেন্দ্রিক পর্যটনকে কেন্দ্র করে এ জেলার ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এবং স্থাপত্য শিল্পকে সম্পৃক্ত করে জেলা ব্র্যান্ডিংয়ের বিষয়কে নির্বাচন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক মো. বশির উদ্দিন, খুলনা তথ্য অফিসের উপপরিচালক ম. জাভেদ ইকবাল, আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার জিনাত আরা আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
