স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৩১
 
জনগণের সঠিক পুষ্টির মান বাড়াতে আগামী বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, স্বাস্থ্যখাতে বিগত ৮-৯ বছরে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। কিন্তু জনগণের পুষ্টির মান উন্নত করার ক্ষেত্রে বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টির মান বাড়ানোর ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে আছি। সীমিত বাজেট নিয়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরের সকল খাতে সমান ভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তাই আগামী বাজেটে স্বাস্থ্যখাতে আরো বেশি বরাদ্দ দিতে হবে।
 
আজ সোমবার বিকেলে কাওরান বাজারে ‘দেশে নারী ও কিশোরীদের জন্য পুষ্টিখাতে বিনিয়োগ’ শীর্ষক গোলটেবিল বৈঠক এসব কথা বলেন তিনি। 
 
মোহাম্মদ নাসিম বলেন, আগামী বাজেটে স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বাড়ালে জনগণের পুষ্টির মানোন্নয়ে বিশেষ নজর দেওয়ার পাশাপাশি নারী ও শিশুদের যথাযথো পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে। এলক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতারা ও শিক্ষক সমাজকে সম্পৃক্ত করে জনসম্পৃক্ত মূলক আন্দোলন গড়ে তুলতে হবে।
 
শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানসিক পরিচর্চার দিকে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সন্তানরা ঠিকমত ক্লাসে যাচ্ছে কিনা, কি ধরনের বই পড়ছে বা কাদের সঙ্গে মেলামেশা করছে এগুলোর দিকেও নজরদারি করতে হবে। কোমলমতি শিশুদের হাতে মোবাইলফোন বা ল্যাপটপ তুলে না দিয়ে সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার জন্য তাদের সময় দিতে হবে।
 
গোলটেবিল বৈঠকে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস 
 
ইত্তেফাক/কেকে