মান-অভিমানের সমাপ্তি টেনে আবারো একসঙ্গে তারা

আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২০:৫৭
গতবছর বলিউডের নামী পরিচালক করণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও অজয় দেবগণের ‘শিভায়’ ছবি দুটো একসঙ্গে মুক্তি পায়। তখন থেকেই বিবাদে জড়ান করণ জোহর ও অজয় দেবগণ। কাজল তার স্বামীর পক্ষ নিয়ে করণের সঙ্গে বন্ধুত্ব ত্যাগ করেন। সময় পেরিয়েছে। 
 
জানা গেল, সমাপ্তি ঘটেছে কাজল ও করণের ঝগড়ার। 
 
সেই সঙ্গেও এও জানা গেল, একসঙ্গে সিনেমায় কাজ করছেন কাজল ও করণ। শুধু তারা দু’জন নন, সঙ্গে থাকবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বলিউডের এই সবথেকে রোমান্টিক জুটিকেই পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর।
 
পর্দায় শাহরুখ-কাজল মানেই ‘ম্যাজিক’। মাঝে রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ তেমন প্রশংসা পায়নি বটে, তবে করণ জোহরের সঙ্গে জুটি বেঁধে যতগুলো সিনেমায় তারা অভিনয় করেছেন, সবগুলোই সাফল্যের মুখ দেখেছে। আশা করা যাচ্ছে, আবারও সুপারহিট সিনেমা নিয়ে ফিরতে যাচ্ছেন তিন বন্ধু-শাহরুখ-কাজল-করণ।
 
রণবীর কাপুর-আলিয়া ভাট জুটিকে একসঙ্গে পর্দায় আনছেন করণ জোহর। পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ নিয়েই ব্যস্ত পরিচালক-প্রযোজক। এতে তাদের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। এই সিনেমার শুটিং শেষ হলেই করণ জোহর হাত দেবেন শাহরুখ-কাজলের নতুন সিনেমায়। ডেকান ক্রনিকল।
 
ইত্তেফাক/রেজা