বাবুগঞ্জের কেদারপুর-লাশঘাটা সড়ক মরণ ফাঁদ

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০০:১৮

বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের কেদারপুর খেয়াঘাট থেকে লাশঘাটা খেয়াঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার পাকা রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সম্পূর্ণ রাস্তার বিটুমিন উঠে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে।

 বিগত প্রায় দুই বছর ধরে এ বেহাল দশার সৃষ্টি হলেও দেখার কেউ নেই। ফলে এ রাস্তা ব্যবহারকারী হাজার হাজার মানুষ পড়েছে চরম বিড়ম্বনায়। রাস্তার কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ার ফলে এ সড়কটিতে সব ধরনের যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ইতিমধ্যেই রাস্তার খানা-খন্দের সৃষ্টি হওয়ায় ঐ সড়কের বাস সার্ভিসও বন্ধ হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী মানুনুর রশীদ সুমন জানান, সড়কটি’র বেহাল দশার কারণে এই রুটের ইজিবাইক, আলফা, নসিমনসহ সব ধরনের যানবাহনের ভাড়াও বৃদ্ধি করা হয়েছে, কম ভাড়ায় যাতায়াতের একমাত্র মাধ্যম বাস সার্ভিসও বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আল ফারুক বলেন, সড়কটির একটি প্রকল্প ইতোমধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, অচিরেই সড়কটি নতুন করে কার্পেটিং করা হবে।

ইত্তেফাক/নূহু