দুইদিনের টানা বর্ষণে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের শান্তিনগর এলাকায় সূতি নদীর পাড় ঘেঁষে যাওয়া রাস্তা ভেঙে পড়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী। ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীসহ কয়েক গ্রামের মানুষ।
জানা গেছে, উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের দক্ষিণে সূতি নদীর পূর্ব পাড় ঘেঁষে যাওয়া চলাচলের একমাত্র মাধ্যম ওই রাস্তাটি ভেঙে যাওয়ায় শান্তিনগর এলাকায় বসবাসরত লোকদের হাট-বাজারসহ দৈনন্দিন কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া সদর ইউনিয়নের সাচাইল, পাইকপাড়া, পংপাচিহা, জালধোয়া ও দিগদাইড় ইউনিয়নের লক্ষ্মীপুরসহ কয়েকটি গ্রামের লোকজন যাতায়াত করেন শান্তিনগরের ওই রাস্তা দিয়ে। অনেকের এ রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তাও নেই।
তাড়াইল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াইল সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা, সহিলাটি উচ্চ বিদ্যালয়, সহিলাটি আবদুল হালিম হোসাইনীয়া দাখিল মাদরাসা, তাড়াইল মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ এবং কয়েকটি প্রাইভেট স্কুল ও মহিলা মাদরাসাসহ বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তা দিয়ে যাতায়াত করে।
ইত্তেফাক/নূহু
