এটা আমার জন্য দারুণ মুহূর্ত : রোনালদো

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৩:১৩
টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে দারুণ রোমাঞ্চিত রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। লিওনেল মেসি ও নেইমারকে পেছনে ফেলে রোনালদো এই অ্যাওয়ার্ড জিতেছেন। তাদের উপস্থিতিতেই সোমবার লন্ডনের পলেডিয়াম থিয়েটারে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন তিনি।
 
সবমিলিয়ে পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়ার পর রোনালদো বলেন, ‘আমাকে ভোট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আমি লিও ও নেইমারের কথা বলব, এখানে উপস্থিত থাকাটা দারুণ ব্যাপার। রিয়াল মাদ্রিদ সমর্থক, আমার সতীর্থ, আমার কোচ, সারা বছর তারা আমাকে সহায়তা করেছে।’
 
এ বছর রিয়াল মাদ্রিদের হয়ে চারটি শিরোপা জেতা রোনালদোর বলা যায় প্রাপ্যই ছিল। হয়েছেও তাই। মেসির সমান পঞ্চমবারের মতো তিনি জিতেছেন অ্যাওয়ার্ড।
IMG0
গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনালদোর। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন। নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তিও গড়েন তিনি।
 
ইউরোপ সেরা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গত মৌসুমে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে ফাইনালে দুটিসহ সর্বোচ্চ ১২টি গোল করেন। তাছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ৪০০ গোলের মাইলফলক স্পর্শ করেন সিআর সেভেন। সেই সুবাদে ক্লাবটির ইতিহাসে তিনি এখন সর্বোচ্চ গোলদাতা রোনালদো।
 
ইত্তেফাক/কেআই