আগামী ৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় কলকাতার হোচিমিন সরণির সত্যজিৎ রায় মিলনায়তনে ওপার বাংলার নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে থাকবেন কলকাতার নাট্যব্যক্তিত্ব ও সাংসদ অর্পিতা ঘোষ, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের (কলকাতা) পরিচালক গৌতম দে, বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কলকাতাস্থ বাংলাদেশ হাইকমিশনের তথ্য ও সংস্কৃতি সচিব মো. মোফাকখারুল ইসলাম।
ছয় দিনের এ উৎসব চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত, প্রতিদিন সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী দিনে থাকবে নূনা আফরোজের রচনা ও নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’। ৪ নভেম্বর থাকছে সৈয়দ শামসুল হকের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় ‘ঈর্ষা’।
৫ নভেম্বর বিকাল ৩টায় কবিগুরুর ‘শেষের কবিতা’ ও সন্ধ্যা ৭টায় ‘শ্যামাপ্রেম’ মঞ্চায়ন করবে প্রাঙ্গণেমোর। ‘শেষের কবিতা’র নাট্যরূপ অনন্ত হিরার, নির্দেশনায় নূনা আফরোজ। ‘শ্যামাপ্রেম’-এর নাট্যরূপ চিত্তরঞ্জন ঘোষ, নির্দেশনা অনন্ত হিরার।
উৎসবে ৬ নভেম্বর শিশির রহমানের রচনা ও নির্দেশনায় ‘বিবাদী সারগাম’, ৭ নভেম্বর মোহিত চট্টোপাধ্যায়ের রচনা ও অনন্ত হিরার নির্দেশনায় ‘আওরঙ্গজেব’ এবং ৮ নভেম্বর সমাপনী সন্ধ্যায় রয়েছে অনন্ত হিরার লেখা ও আউয়াল রেজার নির্দেশনায় ‘কনডেমড সেল’।
ইত্তেফাক/আনিসুর
