টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও, টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ শক্তিশালী দল বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশ দল সর্ম্পকে ডি কক বলেন, ‘টি-২০ ফরম্যাটে ভালো দল বাংলাদেশ। এই ফরম্যাটে সেরা ক্রিকেটই খেলবে তারা।’
দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়াইয়ে ছিটেফটাও দেখাতে পারেনি বাংলাদেশ। পচেফস্ট্রুমে সিরিজের প্রথম টেস্ট ৩৩৩ রানে হারের পর ব্লুমফন্টেইনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ইনিংস ও ২৫৪ রানের ব্যবধানে হারে টাইগাররা। টেস্ট সিরিজে বাংলাদেশের এমন ফল গ্রহণযোগ্য হলেও, ওয়ানডেতে বাংলাদেশের কাছে প্রত্যাশা ছিলো অনেক বেশি। কারণ ওয়ানডেতে শক্তিশালী এক দল বাংলাদেশ। গেল দু’বছরে বাংলাদেশের পারফরমেন্স তেমনই বলছিলো।
কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ব্যর্থতার ষোলকলা প্রদর্শন করেছে বাংলাদেশ। তিন ম্যাচের কোনটিতেই সেরা পারফরমেন্স দেখাতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে যথাক্রমে ১০৪ ও ২০০ রানের ব্যবধানে হারের তিক্ত স্বাদ পায় বাংলাদেশ। দলের সামগ্রিক ব্যর্থতার মধ্যে একমাত্র মুশিফকুর রহিমই ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে দলের পক্ষে সর্বোচ্চ ১৭৮ রান করেন।
টেস্ট ও ওয়ানডে সিরিজে নিজেদের মেলে ধরতে না পারলেও, টি-২০ সিরিজে বাংলাদেশ দল ভালো করবে বলে মনে করেন ডি কক। তিনি বলেন,, ‘টি-২০ ফরম্যাটে শক্তিশালী দল বাংলাদেশ। এই ফরম্যাটে ভালো করার জন্য সর্বাত্মক চেষ্টা তারা করবে। ছোট ফরম্যাটে তারা সবসময়ই ভালো ক্রিকেট খেলে এবং এখানে নতুন ভাবেই শুরু করবে বাংলাদেশ।’
আগামী ২৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পচেফস্ট্রুমে ২৯ অক্টোবর হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ইত্তেফাক/কেআই
