মধুখালীতে অবৈধ বালু উত্তোলনের সময় ব্যবসায়ী আটক

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৪:৩৪
 
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের রায়জাদাপুর ঘাট এলাকায় মধুমতি নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় অবৈধ বালু উত্তোলনের দায়ে একজন বালু ব্যবসায়ীকে আটক করে এবং ড্রেজার মেশিনটি জব্দ ও অন্যান্য মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নান্নু মোল্যা নামে এক ব্যক্তিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) মো. মনজুর হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
জানা গেছে, সোমবার বিকেলে মধুমতি নদীতে বেশ কিছু দিন যাবত রায়জাদাপুর ঘাট এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে একটি ড্রেজার মেশিন জব্দ করেন, এবং অংশীদার মো, নান্নু মোল্যাকে গ্রেফতার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ সালের উল্লেখিত ধারা মোতাবেক নান্নু মোল্যাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।
 
এসময় ভূমি অফিসের অফিস সার্ভেয়ার মোরশেদ হোসেন খান, সহকারী কর্মকর্তা মো. লুৎফর রহমান সহ মধুখালী থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান