ভারতের মাটিতে ইতিহাস গড়তে চায় নিউজিল্যান্ড

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৪:৪১
টম লাথামের সেঞ্চুরির সাথে রস টেইলরের ব্যাটিং নৈপুন্যে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল সফরকারী নিউজিল্যান্ড। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কিউইরা। দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। সেই সাথে ভারতের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ জয়ের নয়া ইতিহাস সৃষ্টি করবে কিউইরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনাই এখন প্রধান লক্ষ্য ভারতের।
 
এমন লক্ষ্য নিয়ে পুনেতে আগামীকাল বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়।
 
গেল জুনে শেষ হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর তিনটি ওয়ানডে সিরিজে অংশ নেয় ভারত। ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এবং লংকানদের ৫-০ ব্যবধানে হারায়। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বিরাট কোহলির দল।
 
তাই সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভয়ংকর এক দল হিসেবে রুপ নিয়েছে ভারত। এমন অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করে টিম ইন্ডিয়া। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হার উপহার দেয় নিউজিল্যান্ড।
 
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অধিনায়ক কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ২শ’তম ম্যাচে ৩১তম সেঞ্চুরির স্বাদ নেন। তার ১২১ রানের সুবাদে ৮ উইকেটে ২৮০ রান তুলতে সক্ষম হয় ভারত। জবাবে লাথামের অপরাজিত ১০৩ ও টেইলরের দায়িত্বপূর্ণ ৯৫ রানের কল্যাণে ৬ বল হাতে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডে জিতলে প্রথমবারের মত ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের ইতিহাস সৃষ্টি করবে নিউজিল্যান্ড।
 
তাই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ইতিহাস সৃষ্টির করতে বদ্ধ পরিকর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন, ‘আমাদের শুরুটা দুর্দান্ত হয়েছে। বিশ্বের অন্যতম দলের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করাটা অনেক বড় ব্যাপার। তাই আমাদের উপর এখন চাপ কিছুটা হলেও কম। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সুযোগও তৈরি হয়েছে আমাদের। এই সুযোগটি কাজে লাগাতে হবে। পুনেতেও ভালো পারফরমেন্স করতে পারলে আমরা জিততে পারবো। আমাদের লক্ষ্য জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করা। তবেই ভারতের মাটিতে প্রথমবারের মত সিরিজ জয় করতে পারবো। যা ২৯ বছরেও করতে পারিনি আমরা।’
 
নিউজিল্যান্ড যেখানে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করতে মগ্ন, সেখানে সিরিজে সমতা আনতে পরিকল্পনা করছে ভারত। দলপতি কোহলির কন্ঠে তেমনই সুর, ‘আমাদের সামনে জয় ছাড়া আর কোন পথ খোলা নেই। সিরিজে টিকে থাকতে হলে পুনেতে আমাদের জিততেই হবে। সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়েই খেলতে নামবো এবং সেভাবেই নিজেদের তৈরি করছি। প্রথম ম্যাচে আমাদের বোলিং ভালো হয়নি। অবশ্য লাথাম-টেইলর দুর্দান্ত ব্যাটিং করেছে। তাই ওমন জয় নিউজিল্যান্ডকেই মানায়। তবে পুরনো স্মৃতি ভুলে দল ভালো ক্রিকেট খেলবে এমনটাই প্রত্যাশা।’
 
১৯৮৮ সাল থেকে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে সিরিজের সবক’টিতেই হেরেছে কিউইরা। এবার নতুন ইতিহাস সৃষ্টির দারুন এক সুযোগ নিউজিল্যান্ডের সামনে।
 
ইত্তেফাক/কেআই