খুলনায় শহিদুল ইসলাম ডলার (৪৭) নামে এক বাড়িওয়ালাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১টার দিকে নগরীর ৯ নম্বর মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়িওয়ালা ডলার পেশায় ইজিবাইক চালক ছিলেন। সে নগরীর মিয়াপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ও সাবেক সংবাদপত্র পরিবেশক তরিকুল ইসলাম ছোটনের ভাই।
নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলার ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে কয়েক মাসের ভাড়া পান। সোমবার রাতে ডলার ভাড়াটিয়া বাবু বিশ্বাসের কাছে বকেয়া ভাড়া চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটি-কাটি হয়। এক পর্যায় বাবু বিশ্বাস বাড়িওয়ালা ডলারকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ডলারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘাতক ভাড়াটিয়া বাবু বিশ্বাস ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে নিহত ডলারের স্ত্রী রত্না বেগম বাদী হয়ে বাবু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/জামান
