বরগুনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ওই মামলায় দেবর ও শাশুড়িকে ৫ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেন আদালত। মঙ্গলবার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।
সরকার পক্ষের আইনজীবী বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল জানিয়েছেন, বরগুনার পাথরঘাটা উপজেলার জ্ঞানপাড়া গ্রামের রুস্তুম আলী আকনের মেয়ে নাদিরা পারভীনের সঙ্গে একই উপজেলার রায়হানপুর ইউনিয়নের শতকর গ্রামের আবদুল হামিদ দর্জির ছেলে নুরুজ্জামানের বিয়ে হয় ২০০৮ সালের ১০ অক্টোবর।
২০১০ সালের ১৯ আগস্ট শ্বাসরোধ করে নাদিরাকে হত্যা করে তার স্বামী নুরুজ্জামান। পরে নাদিরার দেবর রিয়াজ ও শাশুড়ি আরবজানের সহযোগিতায় ওড়না দিয়ে নাদিরার গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার মিথ্যা নাটক সাজানো হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশের তদন্তে হত্যার প্রমাণ পায়।
আরও পড়ুন: বরগুনায় আবারও প্রাইমারি স্কুলের ছাদ ধ্বস
সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মঙ্গলবার রায় দিয়েছেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/অনি
