দুর্দান্ত ফর্মে থাকা টটেনহ্যাম হটস্পার্সের ফুটবল তারকা হ্যারি কেনকে কিনতে হলে রেকর্ড পরিমাণ ২৫০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ।
চলতি মৌসুমে ১২ ম্যাচ থেকে ১৩ গোল করা এই ইংলিশ তারকা গ্যারেথ বেল ও লুকা মড্রিচের পথ ধরে স্পেনের দিকেই পাড়ি জমাবে বলে গুজব উঠেছে। তবে ২০১৩ সালে তৎকালীন রেকর্ড গড়া ১০০ মিলিয়ন ইউরোতে বেলকে দলে ভেড়ানো পেরেজ এবার একটু চিন্তিত। টটেনহ্যামের সভাপতি ডেনিয়েল লেভির সঙ্গে তার বিষয়ে কথা বলতেই ইতস্তত বোধ করছেন পেরেজ। বলেন, ‘আমার মতে সে (কেন) অসাধারণ একজন খেলোয়াড়। সেই সঙ্গে সে এখনো বয়সে তরুণ। তাই নিজেকে আরো সামর্থ্য বান করার জন্য অনেক সময় পাবে।
পরবর্তী দল বদলের জানালা খুলতে খুলতে তার দক্ষতা যদি ধরে রাখতে পারে, তাহলে দল বদলের বাজারে ২২২ মিলিয়ন ছাড়িয়ে যাবে। যে অর্থের বিনিময়ে গত আগস্টে বার্সেলোনা থেকে নেইমারকে ছিনিয়ে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
স্প্যানিশ রেডিও ক্যানডেনা কোপকে দেয়া সাক্ষাৎকারে পেরেজ বলেন, ‘আমি তার দল বদল নিয়ে কথা বলিনি। কারণ আমি যদি জিজ্ঞেস করি তাহলে তার মূল্য ২৫০ মিলিয়ন ইউরোও চেয়ে বসতে পারে। এমনিতে টটেনহ্যামের সঙ্গে আমাদের দরুন সখ্যতা রয়েছে। তাদের কাছ থেকে আমরা বেল ও মড্রিচকে দলে টেনেছি। লেভি সব সময় আমাকে বলেন, কখন আমরা ইউরোপীয় কাপ জয় করব। তাই এটি নিয়ে আমরা বন্ধুত্বের ইতি ঘটাতে চাইনা।’ বাসস।
ইত্তেফাক/রেজা
