চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। সরকারের ভ্রান্ত নীতিকে এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্যহ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
মঙ্গলবার বিএনপির এক প্রেসরিলিজে বলা হয়, সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানস্থ কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সভায় উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, জনাব তরিকুল ইসলাম, লে: জে: (অব:) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর অবর্ণনীয় নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও গৃহে অগ্নি সংযোগের কারণে নিজ ভূমি ছেড়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা জাতিভুক্ত মানুষের বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় গ্রহণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িকভাবে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা প্রদানের জন্য সরকার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানানো হয়। যত দ্রুত সম্ভব রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদে নাগরিকত্ব প্রদান করে ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে সকল ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। একইসঙ্গে এই সংকট মোকাবেলার জন্য জাতীয় ঐক্য সৃষ্টি করা জরুরি বলে এই সভা মনে করে। সভা এই সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ যথেষ্ট নয় বলে মনে করে।
ইত্তেফাক/এমআই
