যশোরে নব্য জেএমবি সংগঠক আটকের ঘটনায় মামলা, রিমান্ডের আবেদন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ০৯:০৬
 
যশোরে জঙ্গি আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার ও নব্য জেএমবির সংগঠক মোজাফফর আটকের ঘটনায় মামলা হয়েছে। সোমবার গভীর রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানার পরিদর্শক বাবুল মিয়া। মঙ্গলবার বিকেলে মোজাফফরকে আদালতে সোপর্দ করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। আদালত আগামীকাল বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে মোজাফফরকে জেলহাজতে পাঠিয়েছেন।
 
এর আগে সোমবার রাতে যশোর সদর উপজেলার পাগলাদহ মালোপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে গ্রেনেড তৈরির সরঞ্জাম, বিপুল পরিমান বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের আগেই আটক করা হয় আস্তানার মালিক মোজাফফর হোসেনকে। রাত পৌনে ৮টার দিকে বাড়িটি ঘিরে রাখার পর অভিযান শুরু হয় এবং রাত ১০টার দিকে তা শেষ হয়। এরপর ব্রিফিং করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। 
 
ব্রিফিংকালে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটির মালিক মোজাফফর হোসেনকে সোমবার সন্ধ্যায় শহর থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে ৫০টি গ্রেনেডের বডি, সুইচ ৫০টি, ৩১টি ব্রেকার, ১টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৫ লিটার এসিডসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ সুপার আনিসুর রহমান আরও জানান, মোজাফফর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, সে নব্য জেএমবির এই অঞ্চলের সংগঠক। তার বাসায় জঙ্গিদের অবাধ যাতায়াত ছিল। এই অভিযানে মোজাফফরকে আটক করা হয়েছে। তবে তার পরিবারের সদস্য স্ত্রীসহ দুই মেয়ে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। 
 
মোজাফফরের প্রতিবেশী সাঈদুর রহমান জানান, মোজাফফর প্রায় একযুগ আগে এখানে বাড়িটি নির্মাণ করেন। আধাপাকা টিনসেডের বাড়িতে মোজাফফর স্ত্রী ও দুই মেয়ে নিয়ে বসবাস করছিলেন। তিনি যশোর এমএম কলেজ পুরাতন ছাত্রাবাসের মসজিদের ইমাম ছিলেন। তার স্ত্রী রাজিয়া দর্জির কাজ করেন। 
 
এদিকে, জঙ্গি আস্তানায় অভিযান শেষে রাতে এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আজমল হুদা জানিয়েছেন, কোতোয়ালি থানার পরিদর্শক বাবুল মিয়া বাদী হয়ে মোজাফফরকে আসামি করে এ মামলাটি দায়ের করেছেন। 
 
মামলার পর বিকেলে আটক জঙ্গি মোজাফফরকে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ আটক মোজাফফরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে। বিচারক বুলবুল ইসলাম বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে মোজাফফরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
 
উল্লেখ্য, এনিয়ে গত দু’সপ্তাহের ব্যবধানে যশোরে দুটি জঙ্গি আস্তানার সন্ধান মিলল। এর আগে গত ৮ অক্টোবর যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান মেলে। দিবাগত রাত ২টা থেকে সেখানে অভিযান শুরু হয়। শ্বাসরুদ্ধকর এ অভিযান ‘মেল্টেড আইস’ শেষ হয় সোমবার বিকেল ৫টার দিকে। অভিযানে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী ও হলি আর্টিজান হামলার 'অন্যতম হোতা' নিহত মারজানের বোন খোদেজা আক্তার খাদিজা তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন। সেখান থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট, কয়েকটি নকশাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি