উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’ আসছে ১৬ নভেম্বর

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২০:৫০
আসছে উড়ন্ত চক্ষু হাসপাতাল ‘অরবিস’। আগামী ১৬ নভেম্বর বাংলাদেশ সরকারের আমান্ত্রণে ১০ম বারের মতো এই হাসপাতাল বাংলাদেশে আসছে। একটি বোয়িং বিমানের মধ্যে স্থাপিত এ হাসপাতালে রয়েছে চক্ষু রোগীদের জন্যে অপারেশন করার উন্নত প্রযুক্তির মেশিন, অপারেশন থিয়েটার, প্রশিক্ষণ দেয়ার জন্য একটি হলরুমসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাদি। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি বিশেষ টিম।
 
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানায়। এর আগে স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকদের সঙ্গে অরবিস ইন্টারন্যাশনাল ‘চাইল্ডহুড ব্লাইন্ডনেস প্রিভেনশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। এ সময় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অদিদফতরের সাবেক মহাপরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক আভা হোসেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ফরহাদ হোসেন, অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির হোসেন প্রমুখ।
 
উড়ন্ত এই হাসপাতাল ‘অরিবস’ এ বছর চট্টগ্রাম বিমানবন্ধরে অবস্থান করবে। প্রশিক্ষণের কিছু অপারেশন বিমানে হবে আবার কিছু চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে হবে। অরবিস এ দেশের ৩১৫ জন চিকিৎসককে প্রশিক্ষিত করবে এবং ১২০ জন রোগীর চোখে অস্ত্রোপচার করবে। প্রশিক্ষণ নেবেন চক্ষু বিশেষজ্ঞ, চক্ষু সেবায় নিয়োজিত নার্স এবং বায়োমেডিক্যাল টেকনিশিয়ান। বিশেষজ্ঞদের ২৪ জনকে দক্ষতা বৃদ্ধি ও উন্নত প্রশিক্ষণ প্রদান করা হবে। পরবর্তীতে তারা চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ দিতে পারবেন এবং উন্নত চিকিৎসা প্রদান করতে সক্ষম হবেন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে ‘ফ্লাইং আই হসপিটালটি’ অরবিস। ১৯৮৫ সালে অরবিস প্রথম বারের মতো বাংলাদেশে এসেছিল।
 
ইত্তেফাক/এমআই