কমেডিয়ান কপিল শর্মার বিপুল জনপ্রিয়তা কিন্তু মূলত স্ট্যান্ড আপ কমেডির জন্য। কিন্তু অভিনয়ের সঙ্গে যাদের নিবিড় যোগাযোগ, তারা জানেন যে একজন উচুদরের অভিনেতাই সবচেয়ে ভাল কমেডিয়ান।
‘ফিরঙ্গি’ কপিল শর্মার দ্বিতীয় বলিউড ছবি এবং এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে তাকে। তাই শ্যুটিংয়ের সময় থেকেই এই ছবি ঘিরে ভারতীয় দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ তৈরি হয়েছে। মঙ্গলবার মুম্বইতে আনুষ্ঠানিক মুক্তি পাওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় বিপুল সাড়া ফেলে দিয়েছে ছবির ট্রেলারটি।
ব্রিটিশ ভারতের পটভূমিকায় তৈরি এই ছবির আঙ্গিক সিরিওকমিক। গল্পটি যে বেশ চিত্তাকর্ষক সেটা ট্রেলারে বেশ স্পষ্ট। ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন ঈশিতা দত্ত। টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রী বলিউড ডেবিউ করেছিলেন অজয় দেবগণের ‘দৃশ্যম’ ছবিতে।
‘ফিরঙ্গি’-তে তার চরিত্রটি কপিল শর্মার বিপরীতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলাই বাহুল্য। আগামী ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘ফিরঙ্গি’।
ইত্তেফাক/রেজা
