ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, মিয়ানমার জান্তা রাখাইন রাজ্যে গণহত্যার মাধ্যমে রাখাইন রাজ্যকে মুসলিম শূন্য করার খেলায় মেতে উঠেছে। বর্মীজান্তা এবং অং সান সুচি এই গণহত্যার মাধ্যমে বিশ্বসন্ত্রাসী হিসেবে বিশ্ববাসীর কাছে চিহ্নিত হয়েছে। রাখাইনের ইতিহাসে ভয়াবহ হত্যাযজ্ঞ, নির্মমতা এবং মানবতা ভুলুণ্ঠিত হলেও জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর কোনো কার্যকর ভূমিকা এখনো দৃশ্যমান নয়। রাখাইনের মুসলমানদের রক্ষায় মুসলিম দেশগুলোর ঐক্য এখন সময়ের দাবি।
তিনি মঙ্গলবার বিকেলে নগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন এ জনসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা মহানগর সভাপতি মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হক।
এ সময় বক্তব্য রাখেন দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ্ আল ইমরান, মাওলানা মুজাফফার হোসেন, মাওলানা আবু সাইদ, যুবনেতা মো. ইসমাইল হোসেন, ডা. মো. নাসির, ছাত্র নেতা মো. আমিরুল ইসলাম, মো. আব্বাস আলী, মো. হাসিব গোলজার প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
