সখীপুরে জমিজমা বিরোধে এক কৃষকের প্রায় এক হাজার গাছের কলার ছড়ি কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার কুতুবপুর গ্রামের ভূয়াইদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শক্রতা করে বিক্রির উপযোগী কলার ছড়িগুলো কেটে ফেলায় ক্ষতিগ্রস্ত কৃষক মুক্তার আলী এখন দেনা পরিশোধে চিন্তিত হয়ে পড়েছেন।
কৃষক মুক্তার আলী জানান, স্থানীয় কতিপয় ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। ওরা আমাকে বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়েও আসছে। তারাই আমাকে ক্ষতি করার লক্ষ্যে কলার ছড়িগুলো কেটে ফেলেছে বলে এ প্রতিনিধির কাছে অভিযোগ করেন। স্থানীয় এনজিও ও দাদনের টাকা দিয়ে পাঁচ একর জমিতে ছয় হাজার রঙিন সাগর কলা লাগিয়েছেন। এ পর্যন্ত ওই বাগানে সাড়ে ছয় লাখ টাকা খরচ করেছেন। এক মাস পরেই কলা বিক্রির উপযোগী হবে। ইতোমধ্যে বেপারীরা বাগানে এসে প্রতি ছড়ির দাম তিন’শ টাকা করে বলে গেছেন। এতে তিনি প্রায় তিন লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতি মাসেই তার এনজিও ও দাদনের ঋণের কিস্তি দিতে হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ফকির বলেন, কলার ছড়ি কেটে ফেলার বিষয়টি কৃষক মুক্তার আলী আমাকে বলায় সেগুলো আমি দেখেছি। তিনি বলেন, ব্যক্তিগত বিরোধ থাকলেও শক্রতা করে জমির ফসলাদি বিনষ্ট করা কারোর কাম্য নয়।
ইত্তেফাক/নূহু
