হোমনার দুটি সরকারি স্কুলে স্থায়ী জলাবদ্ধতায় শিক্ষা কার্যক্রম ব্যাহত

আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২৩:৫৯

সামান্য বর্ষণেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়ে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে হোমনা উপজেলা সদরের দুটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। এতে শিক্ষার্থীদের রয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও। প্রতিষ্ঠান দুটি হলো-হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলার একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয় হোমনা সরকারি হাই স্কুল। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই সহস্রাধিক শিক্ষার্থীর একমাত্র খেলার মাঠটি দীর্ঘ জলবদ্ধতার কবলে পড়ে থাকলেও এদিকে স্থানীয় প্রশাসনের কোনো নজর না থাকায় প্রতিষ্ঠান দুটির শিক্ষক-শিক্ষার্থীদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গতকাল রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে মাঠে হাঁটু সমান পানি জমেছে। এই পানির ওপর দিয়েই স্কুল শেষে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা হেঁটে মাঠ ছাড়ছে এবং স্থানীয় কিছু শিশু মাঠে সাঁতার কাটছে। গত তিনদিনের টানা বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আবদুস সাত্তার। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন জানান দুই-একদিনের মধ্যেই পানিতে পচন ধরবে।  এসব পচা  দুর্গন্ধময় পানি মাড়িয়েই বিদ্যালয়ে আসতে হয় কচি কচি শিক্ষার্থীদের। এতে করে  শিক্ষার্থীদের মধ্যে খোঁস পাচরা, সর্দি, কাশি, জ্বরসহ অন্য রোগ-বালাই ছড়িয়ে পড়ে।

হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাইয়ুম আ. মারুফ জানান, মাঠের জলাবদ্ধতা নিরসনে গত দুই বছর আগেই পৌর ও উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম, কোনো প্রতিকার হয়নি।

এ ব্যাপারে হোমনা পৌরসভার মেয়র অ্যাড. নজরুল ইসলাম জানান, খুব শীঘ্রই স্কুল মাঠের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে।

ইত্তেফাক/নূহু