কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের এক প্রভাষকের স্নাতকোত্তরের গবেষণা (থিসিস) নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। উপাচার্যের অপসারণের দাবিতে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধনে শিক্ষক নেতারা এ দাবি জানান। এছাড়া উপাচার্যের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, আত্মীয়করণ, বিচারহীনতার সংস্কৃতি চালু, আর্থিক দুর্নীতির অভিযোগে গত ১৬ অক্টোবর থেকে তার বিচার ও অপসারণের দাবিতে আন্দোলন করে আসছে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকীসহ শিক্ষক সমিতি ও বঙ্গবন্ধু পরিষদের অন্য নেতৃবৃন্দ। শিক্ষকদের সাথে একাত্মতা পোষণ করে শিক্ষার্থীরাও এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে উপাচার্যের নানান অনিয়ম এবং পরিরহন খাত এবং আসবাবপত্র ক্রয়ে নানা অনিয়মের তথ্য তুলে ধরেন শিক্ষক নেতারা।
অভিযোগের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ বলেন, ঐ প্রভাষকের গবেষণার বিষয়ে কি সাংঘর্ষিক তা দেখা শিক্ষক সমিতির কাজ না। এটা সিলেকশন বোর্ড দেখেছে। এখানে আমার কিছু করার নেই।
ইত্তেফাক/নূহু
