মিরপুর সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান অনিক ও তার লোকজনের বিরুদ্ধে ছাত্রলীগের এক নেত্রীর বাসায় ঢুকে তাকে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার মিরপুরের দারুস সালাম এলাকায় শুভ্রা মাহমুদ নামের নেত্রীর বাসায় এ ঘটনা ঘটে। শুভ্রা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের সহ সভাপতি। তবে শুভ্রা এ ব্যাপারে থানায় কোন অভিযোগ করেননি বলে দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান জানিয়েছেন।
জানা গেছে, অনিক তার ১০-১৫ কর্মী গতকাল সকালে শুভ্রার ফ্ল্যাটে যান। এ সময় তাকে মারধর করা হয়। এরপর অনিকের প্রভাবে পুলিশ তাকে দীর্ঘক্ষণ থানায় আটকে রেখে অভিযোগ না নিয়ে ছেড়ে দিয়েছে। অনিকের সঙ্গে ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। ওই ছাত্রী তার পূর্ব পরিচিত হওয়ায় তাকে নিজের বাসায় আশ্রয় দেন শুভ্রা। ওই বাসায় থেকে ওই ছাত্রী অনিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে অনিক সেখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
দারুস সালাম থানার ওসি সেলিম-উজ্জামান বলেন, ইডেনের ওই ছাত্রীর বাসা খিলগাঁওয়ে দুই দিন আগে তিনি বাসা থেকে বের হয়ে যান। তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার স্বজনরা পুলিশকে অভিযোগ দিলে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই মেয়েটি ও শুভ্রাকে থানায় নিয়ে আসে। পরে মেয়েটির বাবা-মাকে খবর দিলে তাঁরা থানায় আসেন। মেয়েটির পরিবার কোনো মামলা করতে চায়নি। তখন মুচলেকা নিয়ে পুলিশ ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় দিয়ে দেয়। মারধরের বিষয়ে শুভ্রা কোনো অভিযোগ করেনি বলে ওসি দাবি করেন। এমনকি পুলিশের উপস্থিতিতে সেখানে মারধরের ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/এমআর
