তারিক আনাম খান ও তারিন। দু’জনই দেশের নাট্যাঙ্গনের গুণী অভিনয়শিল্পী। নিজের একক জায়গা থেকে নিয়মিত ব্যস্ত থাকলেও তাদের একসাথে দর্শকরা পর্দায় দেখেনি দীর্ঘদিন। সেই বিরতি ভাঙলেন তারা। আবারও নাটকে একসাথে অভিনয় করছেন দু’জন।
অরণ্য আনোয়ারের রচনা ও পরিচালনায় তারা অভিনয় করছেন ‘বন্ধু বটে’ ধারাবাহিক নাটকে। এতে তারা স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। এরইমধ্যে ২৬ পর্বের শুটিং শেষ করে আরটিভিতে ধারাবাহিক এই নাটকটি প্রচারের জন্য জমা দিয়েছেন নির্মাতা অরণ্য আনোয়ার। তিনি জানান, শিগগিরই ‘বন্ধু বটে’ ধারাবাহিকটি প্রচারে আসবে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘এটি মূলত পারিবারিক গল্পের নাটক। বেশ কিছুদিন বিরতির পর তারিনের সঙ্গে ধারাবাহিক নাটকে অভিনয় করছি। সময়টা বলা যায় দারুণ উপভোগ করেছি। তাছাড়া অরণ্য বেশ যত্ন নিয়ে নাটক নির্মাণ করে। আমার চরিত্রটিও বেশ মজার এ নাটকে। প্রচারে এলে বোঝা যাবে দর্শকের কাছে তা কতটা প্রিয় হয়ে ওঠে। তবে আমি আশাবাদী।’
তারিন বলেন, ‘তারিক ভাই এদেশের একজন শক্তিমান অভিনেতা। তিনি, আসাদুজ্জামান নূর, রাইসুল ইসলাম আসাদ, আফজাল হোসেন, তাদের অভিনয় দেখতে দেখতেই আমার বড় হয়ে ওঠা। তারা অভিনয়টা এমনভাবে করেন যে, দেখলে মনে হয় অভিনয় তাদের রক্তের সাথে মিশে গেছে। কারণ তারা চরিত্রের সাথে মিশে যেতে পারেন। তো, তারিক ভাইয়ের অভিনয় দেখে অভিনয় শেখা। তার অভিনয় দেখে বুঝতে শিখেছি একটি চরিত্রের কতটা গভীরে গিয়ে অভিনয় করতে হয়। তারিক ভাইকে দেখতে খুব গম্ভীর মনে হলেও যারা তার খুব কাছের তারাই শুধু জানেন তিনি কতটা ফান লাভিং মানুষ। আমি যখনই তার সঙ্গে কাজ করি তখন তার কাছ থেকে নতুন কিছু শিখি।’
ইত্তেফাক/আনিসুর
