দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুয়েটের শিক্ষক আহত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৫:৫১
 
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন অক্ট্রয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় আহত রুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং বিভাগের প্রভাষক সাকিব জোবায়েরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
ভুক্তভোগীর বরাত দিয়ে রুয়েটের উপ-ছাত্র কল্যাণ পরিচালক সিদ্ধার্থ শংকর সাহা বলেন, 'ওই শিক্ষক তার বাসা থেকে বের হয়ে অক্ট্রয় মোড়ের দিকে আসছিলেন। ওই সময় তিনজন লোক তাকে পথরোধ করে মারধর করে এবং তার হাতে ও পায়ের তালুতে ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
 
জানতে চাইলে মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, 'শুনেছি রুয়েটের একজন শিক্ষককে ছুরিকাঘাত করা হয়েছে। এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।'
 
ইত্তেফাক/জামান