পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৭:১০
 
পাবনায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।বুধবার মধ্য শহরের শালগাড়িয়া মহল্লার গোডাউন পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিপ্রা রানী দাস ওই মহল্লার নারায়ন চন্দ্র দাসের মেয়ে। এ ঘটনার পর থেকেই স্বামী মানিক দাস পলাতক রয়েছেন। 
 
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা খবর দেন যে, গোডাউনের পেছনে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে। এলাকাবাসী ও নিহতের স্বজনদের দাবি, তাকে পিটিয়ে হত্যার পর লাশটি ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত শিপ্রার সাত বছরের একটি কন্যা শিশু রয়েছে। 
 
নিহত শিপ্রার বাবা নারায়ন চন্দ্র দাস বলেন, গত ৯ বছর পূর্বে মানিক দাসের সঙ্গে মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভাব অনটন আর নেশার কারণে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এক পর্যায়ে মেয়ে চাকরি নেয়। তারপর থেকেই নেশার মাত্রা বেড়ে যায়। নেশার টাকা না পেলেই তার মেয়েকে ব্যাপক মারপিট করা হতো। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে টাকা না দিতে পাড়ায় মেয়েকে মারপিট করে হত্যা করে। এই ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। 
 
ওসি আরো বলেন, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  
 
ইত্তেফাক/কেকে