কুড়িগ্রাম জামায়াতের জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা ফয়েজ উদ্দিনসহ জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এই আদেশ প্রদান করেন।
পুলিশ সূত্র জানায়, গত ১২ সেপ্টেম্বর জেলা শহরের আদর্শপাড়ায় জামায়াত নিয়ন্ত্রিত একটি ছাত্রাবাসে দলের কয়েকজন নেতাকর্মী বৈঠকে মিলিত হলে পুলিশ অভিযান চালিয়ে ফরিদুল হক নামে এক জামায়াতকর্মীকে গ্রেফতার করে। ঐ সময় ছাত্রাবাস থেকে দলীয় লিফলেটও উদ্ধার করে। সরকার বিরোধী ষড়যন্ত্রের অপরাধে পুলিশ বাদী হয়ে জামায়াতের ৩০ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
সরকার পক্ষে কুড়িগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম মামলা পরিচালনায় ছিলেন।
কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যডভোকেট আব্রাহাম লিংকন জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই আসামি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিলেও বাকি আসামিরা পলাতক ছিলেন। বুধবার ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইত্তেফাক/কেকে
