চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগেই বুধবার দুপুরে জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থী নাজমুল চবির ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নাজমুলের মোবাইল নাম্বার ট্যাকিং করে চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে বুধবার দুপুরে তাকে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে তিনটি ছোট ইলেকট্রনিক ডিভাইস পায় পুলিশ। এছাড়াও নাজমুল ঢাবির ভর্তি পরীক্ষার জালিয়াত চক্রের সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। বুধবার সি (ব্যবসা শিক্ষা) ইউনিটের পরীক্ষায় এই সব ডিভাইস ব্যবহার করতে পরিকল্পনা করেছিলেন নাজমুল।
নাজমুলকে নগরীর বাইজিদ থানায় জিজ্ঞাসাবাদ করা হয় এবং এর সাথে আর কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, আমরা শুনেছি ভর্তি পরীক্ষায় জালিয়াত চক্রের সাথে জড়িত থাকায় তিনটি ইলেকট্রনিক ডিভাইসসহ একজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে সে যদি জড়িত থাকে তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাইজিদ থানার এসআই রুবেল বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে নাজমুলের মোবাইল নাম্বার ট্যাকিং করি এবং তিনটি ছোট ইলেকট্রনিক ডিভাইসসহ তাকে আটক করি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর সাথে আরো বড় কোন চক্র কাজ করছে কিনা সে বিষয়ে আমরা যাচাই বাচাই করে দেখছি।
ইত্তেফাক/আরকেজি
