লক্ষ্মীপুরের রায়পুরে যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটওয়ারীকে হত্যা মামলায় বিএনপির ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. একেএম আবুল কাশেম তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথিপত্র গোপন রেখে জেলা জজ আদালতে ওই আসামিরা জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
রাষ্ট্রপক্ষের এ আইনজীবী বলেন, এ হত্যা মামলার আসামি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজু, বিএনপি নেতা বাচ্চুসহ ১৯নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৯ অক্টোবর রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নে স্থানীয় যুবলীগ নেতা মিরাজ হোসেন পাটওয়ারীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের মা রানী বেগম বাদী হয়ে ৪০জনকে আসামি করে মামলা করেন।
পুলিশ তদন্ত করে ৩৯জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। ২০১২ সালের ২২ অক্টোবর হাইকোর্ট থেকে ২মাসের জামিন পান আসামিরা। ২০১৩ সালের ১৭ জানুয়ারিতে নিম্ন আদালতে হাজির হয়ে আবারো জামিন চাইলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
একই বছরের ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে পুনরায় ৬ মাসের জামিন পান তারা। পরবর্তীতে আদালতে হাজির না হওয়ায় হাইকোর্ট ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি তাদের জামিন নামঞ্জুর করেন। পরে আসামিরা সুপ্রিম কোর্টে আপিল করলে একই আদেশ বহাল রাখেন আদালত।
ইত্তেফাক/আরকেজি
