শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক ড. মইনুল খান। তিনি জানান, আটক যাত্রীর নাম মোশাররফ হোসেন (৪২)। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক জানান, যাত্রী মোশাররফ হোসেন বুধবার ভোরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের ‘বিজি ০৮৭’ ফ্লাইটে ঢাকায় আসেন। কাস্টমস এবং ইমিগ্রেশন এলাকার আনুষ্ঠানিকতা শেষ করে গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। তার চোখে কালো দাগ ও চলাচলে অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ আরো বাড়ে। তবে মোশাররফ কোনোভাবেই তার কাছে সোনা থাকার কথা স্বীকার করছিলেন না। তার শরীরে সোনা থাকার ব্যাপারে গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য থাকায় কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন।
পরে আর্চওয়ে মেশিনে হাটিয়ে প্রাথমিকভাবে সোনা থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এরপর নিজে থেকে বের না করে দেয়ায় যাত্রীকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে এক্সে করানো হয়। রিপোর্টে যাত্রীর তলপেটে সোনা থাকার অস্তিত্ব ধরা পড়ে। যাত্রীকে বিমানবন্দর আনার পর তিনি সোনার বারগুলো বের করে দেন।
ইত্তেফাক/ইউবি
