গুলশান ও বনানীতে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২০:৪১
 
আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার বন্ধে রাজধানীর গুলশান ও বনানীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। বুধবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 
 
সকাল থেকে দুপুর পর্যন্ত বনানীর ১১ নম্বর রাস্তার ব্লক-জি এর সাত নম্বর প্লটে আবাসিক থেকে অনাবাসিক কনভার্সন না করে বাণিজ্যিক ব্যবহারের কারণে ভবনটি সিলগালা করে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইভাবে ব্লক-এফ এর ৫৪ নম্বর প্লটের ছয়তলা ভবনের পাঁচটি ফ্ল্যাট অ-আবাসিক হিসেবে কনভার্সন না করে বাণিজ্যিক ব্যবহার করায় ফ্ল্যাটগুলো সিলগালা করা হয়। 
 
এ ছাড়া গুলশান-২ এর ৮৭ নম্বর রাস্তার ছয় নম্বর প্লটের দ্বিতীয় তলা ভবনের পাশের খালি জায়গায় নকশা অনুমোদন না করে নির্মাণাধীন একটি ভবনের কলাম ও এক তলার ছাদের কাজ পর্যন্ত শেষ করা হয়েছিল। রাজউকের ভ্রাম্যমাণ আদালত ভবনটির কলাম ছাদ ভেঙ্গে অপসারণ করে। 
 
উচ্ছেদ কার্যক্রমে রাউজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, জোন-৪ (গুলশান, মহাখালী, পূর্বাচল) এর পরিচালক অলিউর রহমান, অথরাইজড অফিসার মো. আদিলুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার মাকিদ এহসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি