এমকে আনোয়ারকে চির বিদায়

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২০:৫৪
 
কুমিল্লার হোমনা, তিতাস, মেঘনা উপজেলার জনপ্রিয় রাজনীতিক, সাবেক কেবিনেট সচিব, সাবেক মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমকে আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার হোমনায় উপজেলা সদর হাসপাতাল রোডে তার বাড়ির পূর্ব পাশে আম বাগানে তাকে দাফন করা হয়েছে। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জানাজায় কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মুসল্লি শরীক হন। এরআগে তিতাস উপজেলার গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়।
 
জানাজা শেষে বেলা সাড়ে পাঁচটায় তার দাফন সম্পন্ন হয়। এরআগে বুধবার দুপুর ১২টায় ঢাকার বারডেম হাসপাতালের হিমঘর থেকে এমকে আনোয়ারের লাশ একটি শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সে করে আনা হলে হাজার হাজার মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে। পরে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার কফিনে ফুল দিয়ে তাদের প্রিয় অভিভাবককে শেষ শ্রদ্ধা জানান।
 
উল্লেখ্য, তিনি সোমবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে (মঙ্গলবার, ২৪ আগস্ট ২০১৭খ্রি.) মারা যান। ১৯৩৩ সালের ০১ জানুয়ারি তিনি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
 
তিনি সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার পর বিএনপির রাজনীতিতে যোগ দেন। ১৯৯১ সাল থেকে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মেয়াদে সততা ও নিষ্ঠার সাথে নৌ-পরিবহন, বাণিজ্য, শিল্প, দফতরবিহীন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সর্বশেষ ২০০১ সালে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
 
১৯৯৭ সালে তিনি দলের একজন অন্যতম সহ-সভাপতি ও পরবর্তীতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্যপদ লাভ করেন। ওয়ান ইলেভেনের জরুরি সরকার ও বর্তমান সরকারের আমলে কয়েকবার কারাভোগ করেছেন।
 
ইত্তেফাক/আরকেজি