লাহোর প্রস্তাবের ভিত্তিতেই বাঙালিদের রাষ্ট্র গঠনের চিন্তা জোরদার হয়েছে : শিল্পমন্ত্রী

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২১:১১
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতেই বাঙালিদের জাতি রাষ্ট্র গঠনের চিন্তা জোরদার হয়েছে। আজ বুধবার ব্রিটিশ ভারতের গণমানুষের নেতা ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
আমু বলেন, ব্রিটিশ আমলে পিছিয়ে পড়া মুসলিম সমাজের জন্য শিক্ষার দুয়ার উন্মোচিত করে তিনি মুসলমানদের সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘর এ স্মরণ সভার আয়োজন করে।
 
শিল্পমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর এদেশের উন্নয়নে যা কিছু হয়েছে, তা আওয়ামী লীগ সরকারই করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তাঁর আত্মাকে শান্তি দিতে দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মো. শওকত নবী। এতে দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই