মওদুদ ও খোকনের ৮ মামলার কার্যক্রম স্থগিত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ২১:১৯
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকনের বিরুদ্ধে দায়েরকৃত নাশকতার আট মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এসব মামলা কেন বাতিল ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। 
 
বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। স্থগিত হওয়া ৮ মামলার মধ্যে ৭টি মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করে পুলিশ। 
 
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে ২০১৩ সালে রাজধানীর পল্টন থানায় ৫টি ও রমনা থানার ২টি এবং শাহজাহানপুর থানার ১টি মামলা করে পুলিশ। মামলায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এসব মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক পৃথক আবেদন করেন তারা। আবেদনের পক্ষে মওদুদ আহমদ ও মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।  

 
ইত্তেফাক/ইউবি