ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর ও টিপুরদী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গাড়ি চালক নিহত হয়েছেন। নিহতের নাম হৃদয় ও ফুয়াদ মিয়া। বুধবার সকাল ও দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী সরদার জানান, বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁচপুর এলাকায় সিনহা গার্মেন্টসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অটোবাইক চালক হৃদয়কে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। ঘটনাস্থলেই চালক হৃদয় মারা যান। এ সময় বাসচালক সোলেয়মানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা। হৃদয় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধনারামা কংকরহাটি গ্রামের লোকমান মিয়ার ছেলে। তিনি কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী এলাকায় দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। একই সঙ্গে লেগুনাটিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তৃষা পরিবহনের আরেকটি বাস সামনের দিকে ধাক্কা দেয়। এসময় লেগুনাটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফুয়াদ মিয়া মারা যান। এ সময় লেগুনার তিন যাত্রী আহত হন। এলাকাবাসী ট্রাক চালক আব্দুল হামিদকে আটক করে পুলিশে দেয়। লেগুনা চালক উপজেলার ছোট সাদিপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে।
ইত্তেফাক/আরকেজি
