অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০০:১৭

‘অক্টোবর বিপ্লব : ফিরে দেখা ও সামনে তাকানো’ শীর্ষক আলোচনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, অক্টোবর বিপ্লব কোনো স্থানীয় বিপ্লব নয় বরং একটি আন্তর্জাতিক সমাজবিপ্লব যা মানবসভ্যতার ইতিহাসকে নতুন ধারায় প্রবাহিত করেছে। পুঁজিবাদীরা সোভিয়েত পতনকে সমাজতন্ত্রের পতন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করলেও আজ বিশ্বের বিভিন্ন স্থানে সমাজতন্ত্রের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ প্রমাণ করে- সোভিয়েত পতন একটি রাষ্ট্রকাঠামোর পতন ছিল মাত্র। তিনি বলেন, অক্টোবর বিপ্লব মানুষে-মানুষে অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা করেছিল যা আজ পুঁজিবাদী বিশ্বব্যবস্থার দাপটে হুমকির সম্মুখীন। বাংলাদেশেও আমরা শ্রমিক-কৃষক-মেহনতি মানুষসহ নারীর উপর যে ক্রমাগত নিবর্তন প্রত্যক্ষ করছি, পরিবেশের যে বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি তা পুঁজিবাদী সমাজ ও বিশ্বব্যবস্থার চরম রূপকে প্রকাশ করছে। এ থেকে পরিত্রাণ পেতে অক্টোবর বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের নতুন সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। গতকাল বুধবার বাংলা একাডেমি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অধ্যাপক যতীন সরকার লিখিত প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা ড. মোহাম্মদ তানভীর আহমেদ। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হায়াত্ মামুদ এবং মফিদুল হক। প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি রুবী রহমান, কাজী রোজী, কথা সাহিত্যিক সুব্রত বড়ুয়া, আনোয়ারা সৈয়দ হক, অধ্যাপক আহমদ কবির, গবেষক ড. ইসরাইল খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স, মানজার চৌধুরী সুইট, মযহারুল ইসলাম বাবলা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

মূল প্রবন্ধে অধ্যাপক যতীন সরকার লিখিত বক্তব্যে বলেন, বিশ্বের সাম্রাজ্যবাদী কর্তৃত্বই আজকের সকল বিশ্ব সংকটের মূল উত্স। নির্বিচার ভোগবাদ এবং ধর্মতন্ত্রী মৌলবাদের উত্স একই। ধনতন্ত্রী সাম্রাজ্যবাদের হাতেই সৃষ্ট ও লালিত-পালিত হয়েছে ধর্মতন্ত্রী মৌলবাদ।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, মানব-সভ্যতার ইতিহাসে অক্টোবর বিপ্লব এক বড় ঘটনা। নানা কারণে রুশ দেশে সমাজতান্ত্রিক বিপ্লব স্থায়ী হয়নি; কিন্তু এই বিপ্লব ভ্রাতৃত্ব, সাম্য ও ন্যায়পর সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় অন্তহীন প্রেরণা হয়ে কাজ করে যাবে।

স্বাগত ভাষণে অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, মানবসভ্যতার ইতিহাসে অক্টোবর বিপ্লবের তাত্পর্য অসামান্য। এই বিপ্লব গোটা পৃথিবীতে নতুন সামাজিক অগ্রগতি আনয়ন করেছিল, মানুষের মূল্যবোধে ঘটিয়েছিল ইতিবাচক রূপান্তর।

চারুকলায় পাঁচ শিল্পীর প্রদর্শনী: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে সদ্য পড়াশোনার পাট চোকানো পাঁচ শিল্পীর প্রদর্শনী। এরা হলেন- সুমন কুমার সরকার, শেখ ফাইজুর রহমান, সৈকত হোসেইন, অজয় সান্যাল ও শিপ্রা বিশ্বাস। পাঁচজনই বিষয় হিসেবে বেছে নিয়েছেন প্রকৃতি ও নগরকে। গত সোমবার শুরু হয়েছে এ প্রদর্শনী। শিল্পীদের চবিতে উঠে এসেছে রাজশাহীর বরেন্দ্রভূমি, পার্বত্য চট্টগ্রাম, চিরায়ত গ্রাম-বাংলার মানুষ ও প্রকৃতি, পুরানো ঢাকা, ময়মনসিংহ রাজবাড়ি, রাজধানীর ব্যস্ততা প্রভৃতি।

পাঁচ শিল্পীর ৩৫টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।

ইত্তেফাক/নূহু