বালিয়াকান্দি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যস্ততম এবং প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বালিয়াকান্দির চৌরাস্তার মোড় হতে নারুয়া পর্যন্ত সাত কিলোমিটার এই প্রধান সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।
গত শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দক্ষিণ গেটের সামনের এই সড়কটির দীর্ঘদিন থেকে বেহালদশা হলেও নজর নেই কর্তৃপক্ষের। প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট-বড় প্রায় সহস্রাধিক যানবাহন চলাচল করে।
বালিয়াকান্দি-নারুয়া-পাংশা সড়কের সাত কিলোমিটার রাস্তা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সমস্ত রাস্তায় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বালিয়াকান্দির চৌরাস্তার মোড় থেকে ওয়াপদা পর্যন্ত ৭০০-৮০০ গজ রাস্তাটির মাঝে-মাঝে বিশাল আকৃতির গর্ত হয়েছে। বৃষ্টির কারণে রাস্তার মাঝে গর্তের ভেতর হাঁটু পানি জমেছে।
সাধারণ মানুষের পাশাপাশি এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচল করছে শতবর্ষী বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শতবর্ষী বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, মনি মুকুর কিন্ডার গার্টেনের কয়েকশ’ শিক্ষার্থী। এতো গুরুত্বপূর্ণ একটি প্রধান সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা।
বাজারের গার্মেন্টস ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বালিয়াকান্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হচ্ছে এটি। অথচ দীর্ঘদিন ধরে এটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ জানান, রাস্তার মাঝের গর্তে পানি জমে থাকা এবং রাস্তাটির বেহাল দশার বিষয়টি আমি জানি। রাস্তাটি দ্রুত সংস্কার করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রকৌশলী সজল দত্ত জানান, এই সড়কের ১২.৩ কিলোমিটার রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি এ বছরের নভেম্বর-ডিসেম্বরে কাজ শুরু হবে।
ইত্তেফাক/নূহু
