মির্জাপুর উপজেলা সদরের উপজেলা পরিষদ চত্বরে ১৯৭৩ সালে স্থাপিত বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্যার অন্ত নেই। শিক্ষক, আসবাবপত্র, খেলার মাঠ, শ্রেণিকক্ষসহ নানাবিধ সমস্যায় দীর্ঘ দিন ধরে জর্জরিত হলেও বর্তমানে নতুন করে আরেক সমস্যা যোগ হয়েছে জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও সহকারী শিক্ষকবৃন্দ জানান, বিদ্যালয়ের সামনে খেলার মাঠ না থাকায় ছাত্র-ছাত্রীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চা করে আসছে বিভিন্ন বাসাবাড়ির আঙ্গিনায়। তারপরও শিক্ষার্থী সাংস্কৃতিক ও খেলাধুলায় উপজেলায় শ্রেষ্ঠত্বের স্বাক্ষর বহন করে চলেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও ভবনের সংকট দীর্ঘদিনের। বিদ্যালয়ের সামনে ছোট অল্প খোলা জায়গা থাকলেও একটু বৃষ্টি হলেই বছরের অধিকাংশ সময় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই জলাবদ্ধতার কারণে শিশু ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক ও শিক্ষকদের চরম দুর্ভোগে পড়তে হয়। প্রশাসনের চোখের সামনে বিদ্যালয়ের করুণদশা ও জলাবদ্ধতা হলেও তাদের কোনো নজরদারি নেই বলে অভিযোগ রয়েছে।
বিদ্যালয়ের খেলার মাঠ তৈরিসহ জলাবদ্ধতা দূরীকরণের জন্য সঠিক ও সুষ্ঠু পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক মো. লুত্ফর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্যার কথা তিনি অবগত রয়েছেন। জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
ইত্তেফাক/নূহু
