সন্ত্রাসের বিরুদ্ধে পাকিস্তানকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। গতকাল বুধবার দুই দেশই এ বিষয়ে একমত পোষণ করে। ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের স্বর্গরাজ্য ভাঙতে এবং তাদের নির্মূল করতে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
গতকাল টিলারসন ও সুষমা স্বরাজের বৈঠকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাস নিয়ে আলোচনা হয়। এর আগের দিন ভারত সফরে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিও পাকিস্তানের সমালোচনা করেন। তখন টিলারসন পাকিস্তান সফরে ছিলেন। বৈঠকের পর দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে আসেন। সুষমা স্বরাজ বলেন, ভারত এবং যুক্তরাষ্ট্র এই বিষয়ে একমত হয়েছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান নীতি তখনই কার্যকর হবে যখন পাকিস্তান তার দেশে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
ইত্তেফাক/সেতু
