সজল-তিশার ‘গ্লাডিয়েটর রিভেন্স’

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১০:২২
 
সজল ও তানজিন তিশা, বেশ কয়েকটি নাটকে জুটি হিসেবে অভিনয় করছেন তারা। এমনকি দর্শক গ্রহণযোগ্যতাও পেয়েছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি খণ্ডনাটকের শুটিং শেষ করলেন তারা। এফডিসির সামনে প্রিয়াংকা শুটিংস্পটে সম্প্রতি এই নাটকের শুটিং শেষ হয়েছে। 
 
নাটকের নাম ‘গ্লাডিয়েটর রিভেন্স’। এটি রচনা ও পরিচালনা করেছেন সোলাইমান জুয়েল। তবে নাটকটির নাম পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন নির্মাতা। এতে সজল ও তিশা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
 
গল্পে দেখা যাবে, দেশের অন্যতম নামকরা সুপারস্টার সজল। তার বউ তিশা একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কিন্তু সজল মেনে নিতে পারে না। তাই স্ত্রীর বিয়োগে বারবার সে-ও সুইসাইড করতে চেয়েও পারছে না। বউ ছাড়া তার বেঁচে থাকা অর্থহীন বলে মনে হয়। কিন্তু সজলের স্ত্রীর মৃত্যু কী আসলেই একটি দুর্ঘটনা? 
 
এ প্রশ্ন থেকেই নাবিল নামের একজন সজলের পেছনে লাগে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন, ‘সম্পর্কের টানাপোড়েন ও জশ-খ্যাতির অন্ধ মোহে পড়ে মানুষের নানামুখি চরিত্রের দিক এতে ফুটিয়ে তোলা হয়েছে। নাটকের গল্পের কারণেই আমি আর তিশা একসঙ্গে অভিনয় করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।’ 
 
তানজিন তিশা বলেন, ‘নাটকের গল্পটি এক কথায় দারুণ। কিছুটা থ্রিলার স্বাদও পাওয়া যাবে। মোট কথা, নাটকটি দর্শকরা দেখে আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।’ এতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নীলা, সোহান খান ও অপুর্ব জুনিয়র। খুব শিগগিরই নাটকটি কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
 
ইত্তেফাক/আনিসুর