ক্লাউড কম্পিউটিং নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:০১

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার ও প্লেক্সাস ক্লাউডের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)র ল্যাবে সম্প্রতি অনুষ্ঠিত হয় ক্লাউড কম্পিউটিং বিষয়ক একটি কর্মশালা। সার্ভার, স্টোরেজ ও ওপেন সোর্স ক্লাউড ওপেনস্ট্যাক সম্পর্কে কর্মশালায় টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ওপেনস্ট্যাক বাংলাদেশের গ্রুপ অর্গানাইজার মোবারাক হোসাইন ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার-এর কোষাধ্যক্ষ ইঞ্জি. নাসির ফিরোজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ড. হাফিজ মো. হাসান বাবুর সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি মো. আবদুল আওয়াল, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন প্রমুখ। কর্মশালার উদ্বোধনী বক্তব্যে ড. হাফিজ মো. হাসান বাবু বলেন, ‘আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। বর্তমান সময়ে ক্লাউড কম্পিউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’ তিনি ক্লাউড অপারেটিং সিস্টেম ব্যবহারের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন। উল্লেখ্য, ওপেনস্ট্যাক হচ্ছে ওপেন সোর্স ভিত্তিক ক্লাউড অপারেটিং সিস্টেম।