নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়ায় তরিকুল ইসলাম শেখ (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ চারজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের হাসমত তালুকদার ও তার লোকজন বুধবার রাত ৮টার দিকে কলাবাড়িয়া বাজারে এনায়েতের চায়ের দোকানে চা খেয়ে টাকা না দিলে তরিকুল ইসলাম এর প্রতিবাদ করে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে হাসমত বাহিনী তার লোকজন নিয়ে তরিকুল শেখের বাড়িতে হামলা চালায়। এরপর তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে।
এসময় তাদের ঠেকাতে গেলে একই গ্রামের মুক্তার শেখ (৪০), এনায়েত শেখ (৩২) এবং শের আলী (৫০) সহ চারজন আহত হন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তরিকুল ইসলাম কলাবাড়িয়া গ্রামের মৃত ইসরাফিল শেখের ছেলে।
নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান মিনে জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
