নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দুই শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগের এক কর্মকর্তা এ বিষয়ে প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
বরখাস্তকৃতরা হলেন- নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ আলম এবং ফার্মেসি সহকারী অধ্যাপক বিভাগের বিশ্বনাথ দাস।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ আলম ২০১২ সালের অক্টোবরে পিএইচডি ডিগ্রি নিতে শিক্ষাছুটিতে জাপান গিয়েছিলেন। পিএইচডি সম্পন্ন করার পর নিয়মানুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করার কথা। কিন্তু তিনি যোগদান না করে কর্তৃপক্ষের অনুমতি এবং জিও (সরকারি আদেশ) ব্যতীত ২০১৭ সালের ৩০ জুলাই পুনরায় দেশত্যাগ করেন। এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতীয় দুটি পত্রিকার মাধ্যমে তাকে কারণ দর্শানোর চূড়ান্ত নোটিশ দেয়া হয়। কিন্তু তিনি ওই নোটিশের কোনো জবাব দেননি।
অপরদিকে ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বনাথ দাস ২০১০ সালের সেপ্টেম্বরে পিএইচডি ডিগ্রি নিতে কোরিয়ায় যান। তিনি ২০১৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত শিক্ষাছুটি ভোগ করেন। ছুটির মেয়াদ শেষে বিধি অনুযায়ী বিভাগে যোগদানের প্রশাসনিক নির্দেশনা থাকলেও তিনি যোগদান না করে কর্মস্থলে অনুপস্থিত থাকেন। তার অনুপস্থিতি নিয়েও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তিনি কোনো সদুত্তর দেননি। তার অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।
এমতাবস্থায় গত ৩০ আগস্ট এবং ২১ অক্টোবর ২০১৭ অনুষ্ঠিত নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি লঙ্ঘনের অভিযোগে চাকরি হতে স্থায়ীভাবে বরখাস্ত করে। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের সকল দেনা পরিশোধের নির্দেশ প্রদান করা হয়।
ইত্তেফাক/জামান
