এক বছর আগে চুরি যাওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন, দুই মোটরসাইকেল চোরসহ বিভিন্ন মামলার ৬ আসামীকে আটক করেছে রংপুরের কাউনিয়া থানা পুলিশ।
থানা সূত্রেজানাগেছে, গতবছর ২৮জুলাই গভীর রাতে উপজেলার পূর্বচান ঘাট এলাকার মোকাদ্দিল আলীর শয়ন কক্ষ থেকে একটি পালসার মটর সাইকেল এবং একটি মোবাইল ফোন চুরি যায়। এব্যাপারে কাউনিয়া থানায় একটি চুরি মামলা দায়ের হলে মামলার তদন্তভার দেয়া হয় এসআই সুলতানকে।
পরে তিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে বুধবার রাতে কাউনিয়া থানার ওসি মামুনুর রশিদ, ওসি (তদন্ত) হাবিবুর রহমানকে সাথে নিয়ে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা পুলিশের সহায়তায় ওই উপজেলা অভিযান চালিয়ে রংপুর কোতয়ালি থানার মৃত ফকির উদ্দিনের ছেলে মশিউর রহমানের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজারহাট উপজেলার চাকিরপাশা গ্রামের জিল্লুর রহমানের ছেলে আশিক মাহমুদকে আটক করে এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ।
অপর দিকে কাউনিয়া থানার এসআই মাজহারুল উপজেলার সারাই এলাকায় অভিযান চালিয়ে অন্য একটি চুরি মামলার পলাতক আসামি ইয়ামিন আলীর ছেলে মিজানুর রহমানকে আটক করে। এই রাতে কাউনিয়া থানা পুলিশ উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলাম, আনোয়ার হোসেন এবং ইসমাইল হোসেন নামের তিনজন জুয়ারিকে আটক করে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, আটককৃতদের বৃহস্পতিবার সকালে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর
