পাবনার চাটমোহর এসএসপি সার্কেল অফিস ও থানা পুলিশ বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ নানা রকমের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিনিয়র এএসপি (চাটমোহর সার্কেল) তাপস কুমার পাল গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর পৌর শহরের নতুন বাজার খেয়াঘাট চত্বরের জনতা ব্যাংকের পাশে একটি সেলুনে অভিযান চালান। অভিযান চালিয়ে সেলুন থেকে একটি ব্যাগে সংরক্ষিত মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং সেলুন মালিক উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া সড়কপাড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে সবুজ হোসেন ওরফে মিস্টকে (২৭) গ্রেফতার করা হয়।
এসময় জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিলো ৭০ পিস ইয়াবা, ৪৫টি নানা রংয়ের নেশা জাতীয় ক্যাপসুল ও ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, ৫২ গ্রাম তরল প্যাথেডিন ও ৪টি সিরিঞ্জ। এসকল দ্রব্যের সাথে ব্যাগে একটি কাগজে মূল্য তালিকা ছিলো। এএসপি তাপস কুমার পাল জানান, এ ঘটনার সাথে কুমারগাড়া গ্রামের শরিফুল নামের এক জন জড়িত আছে বলে জানা গেছে। শরিফুল এলাকার গরু চুরি মামলার আসামি।
অপরদিকে থানার এসআই অর্জুন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিলচলন ইউনিয়নের দোলং স্কুলপাড়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রেতা ওসমান আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট। এছাড়া এসআই গোপাল হরিপুর ইউনিয়নের ধরইল মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ব্যবসায়ী ছাদেক প্রাং এর ছেলে সাইফুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেন। তার কাছ থেকেও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সকল ব্যাপারে থানায় পৃথক ৩টি মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান
