খুলনায় বাড়িওয়ালা হত্যা মামলার আসামি ভাড়াটিয়া গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৬:৩২
 
খুলনায় বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলার (৪৮) হত্যা মামলার আসামি ভাড়াটিয়া বাবু বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
খুলনা সদর থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে তাকে মংলা উপজেলার বুড়িরডাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে খুলনা থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু বিশ্বাস বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলারকে হত্যার কথা স্বীকার করেছেন। 
 
তিনি জানান, বাবুকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডের আবেদন করা হবে।
 
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ৯ নম্বর মিয়াপাড়া প্রধান সড়কের বাড়িতে বকেয়া বাসা ভাড়া চাওয়ায় ডলারকে কুপিয়ে হত্যা করেন ভাড়াটিয়া বাবু বিশ্বাস। নিহত বাড়িওয়ালা শহিদুল ইসলাম ডলার নগরীর মিয়াপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে ও সাবেক সংবাদপত্র পরিবেশক তরিকুল ইসলাম ছোটনের ছোট ভাই। 
 
এ হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার দুপুরে নিহত ডলারের স্ত্রী রত্না বেগম ঘাতক বাবু বিশ্বাসকে আসামি করে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/কেকে